ফের কি স্বমহিমায় ফিরেছেন ‘দাবাং’ দিলীপ? সুকান্ত মজুমদার-শুভেন্দু জামানায় নিষ্ক্রিয় থাকলেও, শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর ফের আগের মুডে দিলীপ ঘোষ।
বেশ অনেকটাই ফুরফুরে দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে খড়গপুরে বসে ছাব্বিশের বিধানসভা ভোটে কী তাহলে প্রার্থী হবেন? এই প্রশ্নের উত্তরে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির বেশ ইঙ্গিতপূর্ণ জবাব, ”তোমরা যদি বলো, চেষ্টা করব।” তবে আপাতত কোনও রাজনৈতিক দায়িত্ব দেওয়া হয়নি তাঁকে, তা নিয়ে কি আক্ষেপ আছে? দিলীপের বক্তব্য , ”দল যা বলবে, করব। দলের আমার কাছে কিছু চাওয়ার নেই, আমারও দলের কাছে কিছু চাওয়ার নেই।”
উল্লেখ্য, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর থেকে গেরুয়া শিবিরের প্রার্থী হয়ে রীতিমতো ‘জায়ান্ট কিলার’ হয়ে যান। খড়গপুরের আটবারের বর্ষীয়ান বিধায়ক, কংগ্রেসের জ্ঞানসিং সোহন পালকে হারান দিলীপ। এরপর ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্র থেকে লড়াইয়ে তাঁকে নামায় বিজেপি। সেবার জিতে সাংসদ হন। পরে ২০২১ সালের খড়গপুর বিধানসভা কেন্দ্রে দিলীপ ঘোষের বদলে ভোটে জিতে বিধায়ক হন টলি তারকা হিরণ চট্টোপাধ্যায়। পরের লোকসভা ভোটে অর্থাৎ ২০২৪ সালে দিলীপ ঘোষের কেন্দ্র বদলে দেওয়া হয়। সেবার দলের ইচ্ছায় তিনি বর্ধমান-দুর্গাপুর থেকে প্রার্থী হয়েছিলেন, কিন্তু হেরে যান। তবে ইদানিং সক্রিয়তা বাড়াচ্ছেন জেলায় জেলায়। নিজের গড় খড়গপুরে তাঁকে প্রায়শয়ই দেখা যাচ্ছে। এমনকী নিজের মতো কর্মসূচিও করছেন। তবে কি ফের ভোটযুদ্ধের আগে পায়ের তলার জমি শক্ত করছেন? এই প্রশ্ন উঁকি দেওয়ার মাঝে দিলীপ নিজেই জানালেন, দল এবং অনুগামীরা চাইলে তিনি খড়গপুরের প্রার্থী হতেই পারেন।







