সল্টলেক স্টেডিয়ামের কাছে ঐকতান। বছরের বাকি সময় সাংস্কৃতিক অনুষ্ঠানের ঠিকানা। কিন্তু ৯ থেকে ১৩ ডিসেম্বর এই ঐকতান হয়ে উঠেছে মেসি-ময়! মনে হচ্ছে কলকাতার সল্টলেকে স্থানান্তরিত হয়েছে মায়ামি, বিশেষভাবে বললে ইন্টার মায়ামি! আর্জেন্তিনা ফুটবল ফ্যানস ক্লাব অফ কলকাতা গোটা কমপ্লেক্সকে সাজিয়ে তুলছে ‘হোলা মেসি’ ফ্যান জোনে। দেয়াল থেকে ছাদ—আর্জেন্টিনার নীল-সাদা ছাপ। আর সবকিছুর কেন্দ্রে একজন। তিনি লিওনেল মেসি।
এই বিপুল আয়োজনের নেপথ্যের জুটি এক বাবা ও তার ছেলে। উত্তম সাহা ও প্রজ্ঞান সাহা। বহু বছরের ভালোবাসা এবার অপরূপ প্রদর্শনীর চেহারা নিয়েছে। প্রদর্শনীতে ধরা পড়েছে মেসির মায়ামির বাড়ির প্রতিরূপ। তার সঙ্গে রয়েছে ট্রফির রেপ্লিকা, আর কিংবদন্তি ফুটবলারের গৌরবময় স্মৃতির আর্কাইভ।
২০ বছরের প্রজ্ঞান। মেসির অন্ধ অনুরাগী। ভারত-সফরের কথা শুনেই উদ্যমী কিশোরের নানা ভাবনা। সেই ভাবনার প্রতিফলনে তৈরি হয়েছে প্রদর্শনী। যেখানে কাঠামোর বাইরের অংশ হবে মেসির মায়ামির বাড়ির মতো, ভেতরটা স্মৃতি-সংগ্রহশালা। একদিকে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা আমেরিকা, বিশ্বকাপের ট্রফির রেপ্লিকা; অন্যদিকে ব্যালন ডি’ওর আর গোল্ডেন বুট। ছাদে ঝুলবে ৮৯৬টি ফুটবল—মেসির বর্ণময় কেরিয়ারের প্রতিটি গোলের প্রতীক! মঞ্চের মাঝখানে বিশাল এলইডি স্ক্রিন—অবিরাম সম্প্রচারিত হবে আর্জেন্তিনীয় তারকার ফুটবল-জীবনের সেরা মুহূর্ত। আর ঠিক সামনে স্পেশ্যাল ‘মেসি থ্রোন’।
ফ্যান জোন খোলা সকাল ১০টা থেকে রাত ১০টা। ফ্যান জোনে নানারকমের অনুষ্ঠান। বিতর্ক, কুইজ, স্মৃতিচারণ। প্রবেশমূল্য মাত্র দশ টাকা।







