সুযোগ নষ্টের খেলায় শেষপর্যন্ত ডার্বি জয় ইস্টবেঙ্গলের(Eastbengal)। আরএফডিএলের ফিরতি ডার্বিতে রোমিল গোলদারের গোলে মোহনবাগানকে ১-০ গোলে হারাল লাল-হলুদ(Eastbengal) ব্রিগেড। তবে ডার্বি জিতলেও এদিন ইস্টবেঙ্গল বহু সুযোগ নষ্ট করেছে। সেটা না হলে স্কোরলাইন অন্যরকম হতেই পারত। প্রথমার্ধেই ইস্টবেঙ্গলের এগিয়ে যাওয়ার বহু সুযোগ এসেছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি। পাল্টা আক্রমণে মোহনবাগানও কিন্তু বেশ কয়েকটা সুযোগ তৈরি করেছিল। কিন্তু তারাও ব্যর্থ। বিরতির পরই ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন রোমিল গোলদার(Romil Goldar)। যদিও মোহনবাগান ম্যাচে ফেরার সুযোগ পায়নি এমনটা নয়। গোলের কাছে পৌঁছেও শেষপর্যন্ত তা জালে জড়াতে ব্যর্থই হয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। শেষপর্যন্ত এই ডার্বিও ইস্টবেঙ্গলেরই।
ফিরতি ডার্বিতেও জয়। দলের এমন পারফরম্যান্সে স্বভাবতই উচ্ছ্বসিত ইস্টবেঙ্গল(Eastbengal) শিবির। যদিও লাল-হলুদের হয়ে সাংবাদিক সম্মেলন করতে এলেন না কোচ বিনো জর্জ(Bino George)। সেই জায়গায় এলেন ইস্টবেঙ্গলের সহকারী কোচ। ডার্বি জয়ে অবশ্যই তারা খুশি। সেইসঙ্গে সুযোগ নষ্টের কথাও শোনা গেল। অন্যদিকে চির প্রতিদ্বন্দ্বীদের কাছে হারে বহু সহজ সুযোগ নষ্টকেই দায়ী করলেন মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো।
অন্যদিকে ডার্বির নায়ক হাওড়ার রোমিল গোলদার। আরএফডিএলের মঞ্চে প্রথম গোল, তাও আবার করলেন ডার্বিতেই। উচ্ছ্বসিত রোমিল। লাল-হলুদের জার্সিতে এগিয়ে যেতে চান তিনি।







