টি টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই কার্যত হোঁচট পাকিস্তানের। ধারেভারে বহুগুনে পিছিয়ে থাকা নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোনওরকমে জিতল পাক বাহিনী। আর সেই সঙ্গেই তাদের দলের শক্তি থেকে দুর্বলতা নিয়ে বহু প্রশ্নও কিন্তু তুলে দিল পাকিস্তান। একইসঙ্গে অনেকেই এখন বলতেও শুরু করে দিয়েছেন যে পাকিস্তান গ্রুপ পর্ব টপকাতে পারবে তো। নেদারল্যান্ডসের বিরুদ্ধে একেবারে শেষ ওভারে গিয়ে কোনওরকমে ম্যাচ জিতেছে পাক বাহিনী।
এদিন পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল নেদারল্যান্ডস। পাকিস্তানের বোলাররা শুরু থেকে বেশ ছন্দেই ছিল। নেদারল্যান্ডসের কোনও ব্যাটারই সেভাবে ক্রিজে থাকতে পারেননি। শেষপর্যন্ত ১৪৭ রানেই শেষ হয়ে গিয়েছিল ডাচ বাহিনী। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই যে জয়ের বড় সুযোগ চলে এসেছিল তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেখানেই যত অঘটন।
ব্যাট হাতে নামার পর থেকেই একের পর এক তারকা ব্যাটাররা সাজঘরে ফিরতে থাকে পাকিস্তানের। ম্যাচ শেষে পাকিস্তানের ক্রিকেটাররাও বাড়তি চাপে পড়ে যাওয়ার কথাও স্বীকার করে নিয়েছেন।
আলি আঘা তো বলেই ফেললেন, “দশ ওভারের পর থেকেই আমাদের ওপর চাপটা ক্রমশ বাড়তে শুরু করেছিল। বিশেষ করে ব্যাটারদেরই সেদিকটা দেখার কথা ছিল। যখন কোনও ব্যাটার ক্রিজে সেট হয়ে যাচ্ছেন, তারই উচিৎ ম্যাচ ফিনিশ করে আসা। কিন্তু সেটা হয়নি এদিনের ম্যাচে”।
টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে শুরুটা একেবারেই ভালোভাবে করতে পারেনি পাকিস্তান। আগামীতে এমনটা চললে পাকিস্তান গ্রুপ পর্ব টপকাতে পারে কিনা সেটাই দেখার।







