শনিবার মরসুমের প্রথম অনুশীলন ম্যাচে দাপটের সঙ্গে শুরু করল মোহনবাগান(MBSG)। পুরুলিয়ার বিবেকানন্দ ফুটবল একাডেমির বিরুদ্ধে ৬–০ গোলে জিতে নিল সবুজ-মেরুন ব্রিগেড। ম্যাচে জোড়া গোল করে নজর কাড়লেন দিমিত্রি পেত্রাতোস(Dimitri Petratos)। প্রত্যাশামতোই ‘ডিমি-গড’ মেজাজে ধরা দিলেন অজি ফরোয়ার্ড।
কোচ লোবেরা(Sergio Lobera) এদিন শক্তিশালী প্রথম একাদশ নামান। গোলরক্ষকের দায়িত্বে ছিলেন বিশাল কাইথ। রক্ষণভাগে খেলেন মেহতাব সিং ও আলবার্তো রদ্রিগেজ। দুই প্রান্তে ফুলব্যাক হিসেবে দেখা যায় শুভাশীষ বোস ও অভিষেক সিংকে। মাঝমাঠে আপুইয়ার সঙ্গে ছিলেন শাহাল আব্দুল সামাদ। আক্রমণভাগে বাঁ দিকে রবসন রবিনহো, ডান দিকে লিস্টন কোলাসো, সামনে জুটি হিসেবে খেলেন জেমি ম্যাকলারেন ও দিমিত্রি পেত্রাতোস(Dimitri Petratos)।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মোহনবাগান(MBSG)। প্রথম গোলটি করেন জেমি ম্যাকলারেন(Jamie Maclaren)। তার পরেই নিজের জাত চেনান পেত্রাতোস(Dimitri Petratos)—পরপর দু’টি গোল করে ব্যবধান বাড়ান তিনি। সেট-পিস থেকে হেডে গোল করেন মেহতাব সিং। প্রথমার্ধে আরও একটি গোল যোগ করেন শাহাল। দ্বিতীয়ার্ধে রবসন রবিনহোর গোলে ৬–০ ব্যবধানে ম্যাচ শেষ করে মোহনবাগান।
ম্যাচ শেষে সৌহার্দ্যের ছবি ধরা পড়ে মাঠে। পুরুলিয়ার পক্ষ থেকে মোহনবাগানের কোচ লোবেরা ও অধিনায়ক শুভাশীষ বোসের হাতে তুলে দেওয়া হয় ঐতিহ্যবাহী ‘চৌ’-এর মুখোশ, উপহার হিসেবে। অনুশীলন ম্যাচ হলেও মাঠে ও মাঠের বাইরে ইতিবাচক বার্তাই দিল মোহনবাগানের এই জয়।







