এগিয়ে থেকেও শেষরক্ষা করতে পারল না বাংলা(Bengal Football Team)। সন্তোষ ট্রফির(Santosh Trophy) গ্রুপ পর্বের শেষ ম্যাচে অসমের সঙ্গে ১-১ গোলে ড্র করল বাংলা। সঞ্জয় সেনের(Sanjoy Sen) দল প্রথমার্ধে এগিয়ে থাকলেও, সেই লিড ধরে রাখতে ব্যর্থই হল তারা। আকাশ হেমব্রম(Akash Hembrom) এগিয়ে দিলেও, দ্বিতীয়ার্ধের একেবারে শেষ মুহূর্তে ডিফেন্ডারের ভুলেই পেনাল্টি। আর সেখানেই বাংলার জালে বল জড়াতে এতটুকু ভুল করেনি অসম। তামিলনাড়ুর পর, অসমের সঙ্গেও ড্র করেই মাঠ ছাড়তে হল সঞ্জয় সেনের(Sanjoy Sen) দলকে। যদিও শেষ আটে আগেই পৌঁছে গিয়েছিল বাংলা(Bengal Football Team)। কিন্তু পরপর দুই ম্যাচে পয়েন্ট নষ্ট, বাংলার কোচের চিন্তা বাড়াতেই পারে।
গত ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে পিছিয়ে থেকে শেষপর্যন্ত ড্র করেছিল বাংলা। কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এই ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারল না বঙ্গ ব্রিগেড। যদিও অসমের বিরুদ্ধে প্রথমার্ধেই এগিয়ে গিয়ছিল বাংলা।
ম্যাচের বয়স যখন ৩২ মিনিট, সেই সময় বাংলার হয়ে গোল করে দলকে এগিয়ে দেন আকাশ হেমব্রম। বিরতির পরও সেই লিড দীর্ঘক্ষণ ধরে রেখেছিল বাংলা। তবে ঘরের মাঠে ম্যাচে ফিরতে তখন মরিয়া ছিল অসমও। ক্রমশই আক্রমণ চালাচ্ছিল তারা। পাল্টা আক্রমণ অবশ্য দিয়েছিল বাংলাও। কিন্তু শেষ মুহূর্তে একটা ভুল। সেখানেই পেনাল্টি উপহার অসমকে। ম্যাচের ৮৬ মিনিটে গোল দিয়ে ম্যাচ ড্র করে দেয় অসম।
কোয়ার্টার ফাইনালে বাংলা পৌঁছে গেলেও, পরবর্তী পর্বে তাদের প্রতিপক্ষ কে হবে তা অবশ্য এখনও পর্যন্ত নিশ্চিত হয়নি। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।







