সিনিয়র পর্বে যখন কোনও ভারতীয়ের ঝুলিতে সাফল্যের দেখা নেই। সেই সময়ই ভারতীয় কিশোরী হিসাবে অস্ট্রেলিয়ান ওপেনের মঞ্চে এক নতুন ইতিহাস তৈরি করলেন জেনসি ক্যানাবার(Jensi Kanabar)। প্রথম ভারতীয় মহিলা হিসাবে অস্ট্রেলিয়ান ওপেন এলিট-১৪ বিভাগ(Australian Open Elite 14) চ্যাম্পিয়ন হলেন জেনসি ক্যানবার। আর তাতেই উচ্ছ্বসিত সকলে। পিছিয়ে থেকেও অস্ট্রেলিয়ান প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধেই বিরাট জয় তুলে নিলেন ভারতের এই কিশোরি। তাঁকে নিয়েই এখন টেনিস সার্কিটে আলোচনা।
এদিন অস্ট্রেলিয়ার টেনিস খেলোয়াড় মুসেম্মা ক্লিকের বিরুদ্ধে নেমেছিলেন জেনসি ক্যানাবার(Jensi Kanabar)। প্রথম সেটেই হার। দ্বিতীয় সেটেও প্রথমে ০-২ গেমে পিছিয়ে পড়েছিলেন জেনসি। সেই জায়গা থেকেই তাঁর ফেরে আসার লড়াইটা শুরু হয়েছিল। সেই জায়গা থেকেই আর অস্ট্রেলিয়ান প্রতিপক্ষকে মাথা তুলে দাঁড়াতে দেননি। শেষপর্যন্ত তিন সেটের লড়াইয়ে ৩-৬, ৬-৪ এবং ৬-১ সেটে ম্যাচ জিতে নেন জেনসি।
আর সেই জয়ের সঙ্গেই ভারতীয় টেনিসের জগতে নতুন ইতিহাস তৈরি করলেন জেনসি। এবারের প্রতিযোগিতার শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিলেন তিনি। বিশেষ করে কোয়ার্টার ফাইনাল থেক। জাপানের প্রতিপক্ষের বিরুদ্ধে খেলাটা এখনও তাঁর নিজের কাছেও নাকি সেরা। সেই ধারা অব্যহত রেখেই এবার চ্যাম্পিয়নের মুকুট জেনসির মাথায়। এরপর সিনিয়র বিভাগেও এই ধারা তিনি ধরে রাখতে পারেন কিনা সেটাতো সময়ই বলবে।







