হরিয়ানার বিরুদ্ধে প্রথম দিনট খুব একটা ভালো গেল না বাংলার(Bengal Cricket Team)। খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের অনেক পরেই শুরু হয় এদিন হরিয়ানা বনাম বাংলা ম্যাচ। সেখানে বাংলার হয়ে ব্যাট হাতে একা সুদীপ চট্টোপাধ্যায়(Sudip Chatterjee) লড়াই চালালেও, দিনের শেষে বাংলার(Bengal Cricket Team) স্কোর কিন্তু একেবারেই স্বস্তি দিতে পারছে না টিম ম্যানেজমেন্টকে। প্রথম দিনের শেষে বাংলার রান ৫ উইকেটে ১৬৮। ক্রিজে অপরাজিত ৭৮ রানে দাঁড়িয়ে সুদীপ চট্টোপাধ্যায়(Sudip Chatterjee)।
হরিয়ানার টার্নিং পিচ। সেই মতো চার স্পিনার নিয়েই এদিন প্রথম একাদশ সাজিয়েছিল বাংলা(Bengal Cricket Team)। সেখানেই অভিষেক হয়েছে বাঁ হাতি স্পিনার বিকাশ সিংয়ের। সেইসঙ্গেই এই ম্যাচে প্রত্যাশা মতো সুযোগ পেয়েছেন রাহুল প্রসাদও। তবে বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ সামিকে। কিন্তু টস হেরে এদিন প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল বঙ্গ ব্রিগেড।
সেখানে শুরু থেকেই অবশ্য হরিয়ানার বোলারদেরই দাপট ছিল। অভিমন্যু ঈশ্বরণ থেকে সুদীপ ঘরামি, অনুস্টুপ মজুমদাররা কেউই সেভাবে বড় রান করতে পারেননি। তবে বাংলার হয়ে গত ম্যাচের পর এই ম্যাচেও ব্যাট হাতে চেনা ছন্দে সুদীপ চট্টোপাধ্যায়। দিনের শেষে তাঁর ব্যাটিংয়ের দিকেই এখন তাকিয়ে বঙ্গ শিবির।
একে আবহাওয়া খারাপ সেইসঙ্গে পিচও স্পিনার বান্ধব। সেইসব হিসাব করেই ছক কষেছিল বাংলাও। তবে টস হারাটা যে খানিকটা হলেও বাংলাকে সমস্যায় ফেলেছে তা বলার অপেক্ষা রাখে না। পাঁচ উইকেট হারানোর পর বাংলার হয়ে ক্রিজে রয়েছেন সুদীপ চট্টোপাধ্যায় এবং উইকেটকিপার ব্যাটার শাকির গান্ধী। এই দুই ব্যাটসম্যানের হাত ধরে বাংলা দ্বিতীয় দিন ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার।







