আগামী ২ বা ৩ ফেব্রুয়ারি থেকে টিকিট বিক্রি শুরু হতে পারে সিএবি(CAB) থেকে। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু টি টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup)। তার আগে এখন সাজো সাজো রব ইডেন গার্ডেন্সে(Eden Gardens)। সেখানেই বিশ্বকাপের টিকিট কবে থেকে পাওয়া যাবে তা নিয়ে কৌতূহল বাড়ত শুরু করেছে সকলের। সূত্রের খবর অনুযায়ী সবকিছু ঠিকঠাক চললে আগামী ২ কিংবা ৩ ফেব্রুয়ারি থেকে বিশ্বকাপের(T20 World Cup) টিকিট বিক্রি শুরু হয়ে যেতে পারে। যেহেতু বাংলাদেশের পরিবর্তে এবার স্কটল্যান্ড খেলবে, সেই কারণেই নাকি খানিকটা দেরী হচ্ছে টিকিট আসতেও।
একইসঙ্গে প্রায় ১০ বছর পর ফের ইডেন গার্ডেন্সে(Eden Gardens) হবে বিশ্বকাপের আসর। ৭ ফেব্রুয়ারিই প্রথম ম্যাচে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড(WIvSCO)। সেইসঙ্গে একটি সেমিফাইনালও রয়েছে ইডেন গার্ডেন্সে। বিশ্বকাপ উপলক্ষে একটি বিশেষ পরিকল্পনাও রয়েছে বঙ্গ ক্রিকেট সংস্থার। শোনাযাচ্ছে একটি বিশেষ স্মারক এই বিশ্বকাপ উপলক্ষ্যে তৈরি করতে চাইছে সিএবি।
প্রত্যেক সদস্যদের জন্যই সেই স্মারক তৈরির ভাবনা রয়েছে। যদিও এখন পর্যন্ত তা চূড়ান্ত হয়নি। চূড়ান্ত বৈঠকেই হতে পারে সেই সিদ্ধান্ত। একইসঙ্গে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচের জন্য আরও একটি বিশেষ উদ্যোগ নিতে চলেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল।
বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ গুলোতে কয়েকটি স্কুলের ছাত্রদের মাঠে আনার ব্যবস্থা করতে পারে তারা। যদিও এই ভাবনা এখনও পর্যন্ত প্রাথমিক স্তরেই রয়েছে। কারণ যেহেতু এটা আইসিসির প্রতিযোগিতা, তার ফলে অনেক নিয়ম রয়েছে। যদিও সিএবের তরফে এই বিশেষ পরিকল্পনা ভাবা হয়েছে। এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতেই ব্যস্ত ইডেন গার্ডেন্স।







