টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত ব্যর্থ হলেই গৌতম গম্ভীরকে(Gautam Gambhir) কোচের পদ থেকে সরিয়ে দেওয়া উচিৎ। বিশ্বকাপ শুরুর দু সপ্তাহ আগে হঠাৎই বিস্ফোরক মনোজ তিওয়ারি(Manoj Tiwary)। এই মুহূর্তে ভারতীয় দল ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ(INDvNZ) খেলছে। সেই সিরিজ ইতিমধ্যেই ভারতীয় দল জিতে গিয়েছে। এবার তাদের সামনে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup)। তার আগে গম্ভীরকে নিয়ে ক্রিকেট মহলে নানান আলোচনাই বিভিন্ন সময়ে উঠে এসেছে। সেখানেই এবার বেশ খানিকটা বিস্ফোরক প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি(Manoj Tiwary)।
গৌতম গম্ভীরের(Gautam Gambhir) হাত ধরে এই মুহূর্তে টি টোয়েন্টি ফর্ম্যাটে কার্যত অপরাজেয় হয়ে উঠেছে ভারত। কিন্তু বাকি ফর্ম্যাটে সেভাবে একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারছে না ভারতীয় দল। যেমন ইতিমধ্যেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা শেষ হয়ে গিয়েছে ভারতের। ঘরের মাঠে নিউ জিল্যান্ডের কাছে ৪০৮ রানের বিরাট ব্যবধানে হেরেছিল ভারত। অস্ট্রেলিয়ার মাটিতেও টেস্টে চূড়ান্ত নাকাল হয়েছিল গম্ভীরের ভারত। ইংল্যান্ডে ড্র করতে পারলেও, গম্ভীরের(Gautam Gambhir) কোচিং নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল।
ওডিআই ফর্ম্যাটেও সেভাবে পারফর্ম দেখাতে পারছে না ভারত। সদ্যই ঘরের মাঠে নিউ জিল্যান্ডের কাছে হারতে হয়েছে মেন ইন ব্লুজ ব্রিগেডকে। তারপর গম্ভীরের স্ট্র্যাটেজি নিয়ে বহু প্রশ্নও উঠতে শুরু করেছিল। এবার গম্ভীরকে সরাসরি অপসারণের দাবীই তুললেন মনোজ তিওয়ারি।
তিনি জানিয়েছেন, “গৌতম গম্ভীর যদি টি টোয়েন্টি বিশ্বকাপ দিতে না পারে, সেক্ষেত্রে তাঁকে নিয়ে চরম সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই। বোর্ডের সচিব যদিও বলেছেন যে গম্ভীরকে নাকি একেবারে চুক্তি শেষ পর্যন্ত রাখা হবে। কিন্তু ২০২৬ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ যদি ভারত জিততে না পারে, তবে তাঁকে সরিয়ে দেওয়াই হবে”।







