অবশেষে আইএসএলের(ISL) সম্ভাব্য সূচী প্রকাশ করল ভারতীয় ফুটবল ফেডারেশন। সেখানেই ১৪ ফেব্রুয়ারি কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে আইএসএলে(ISL) যাত্রা শুরু করছে মোহনবাগান। আইএসএলের উদ্বোধনী ম্যাচই হবে কলকাতায়। একইসঙ্গে যে ম্যাচ নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল। সেই কলকাতা ডার্বি হবে ৩ মে। সব মিলিয়ে মোট ৯১টি ম্যাচ হবে এই মরসুমের আইএসএলে(ISL)।
যদিও এটা সম্ভাব্য সূচী হিসাবেই জানানো হয়েছে ফেডারেশনের তরফে। যারা সম্প্রচারকারী সত্ত্ব নেওয়ার জন্য বিড করবেন তাদের কথা মাথায় রেখেই এই সূচী প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে এই সূচী পরিবর্তন হলেও হতে পারে। তবে একটা খসড়া যে তৈরি হয়ে গিয়েছে তা এদিন ঘোষণা করে দিল খোদ ফেডারেশনই। এখনই শুধুই চূড়ান্ত সূচী ঘোষণা হওয়ার অপেক্ষায় সকলে।
প্রতিবারের মতোই এবারও শুধুমাত্র সপ্তাহের শেষ দুটো দিনই হবে ডাবল হেডার ম্যাচ। এছাড়া এদিন ভেন্যুও প্রকাশ্যে এসেছে। নিজেদের ১৩টা ম্যাচই যুবভারতী স্টেডিয়ামে খেলবে মোহনবাগান। ইস্টবেঙ্গলও তেমনটাই খেলবে। একইসঙ্গে মহমেডান তাদের চারটি ম্যাচ খেলবে জামশেদপুরে। আবার সেই মাঠই হোমগ্রাউন্ড জামশেদপুরের।
অন্যদিকে দিল্লি এবং পঞ্জাব জওহরলাল স্টেডিয়ামে খেলবে। সেখানে দিল্লি খেলবে ছটি ম্যাচ এবং পঞ্জাব খেলবে সাতটি ম্যাচ। ওড়িশার পাশাপাশি ইন্টারকাশিও তাদের ছটি হোম ম্যাচ খেলবে কলিঙ্গ স্টেডিয়ামেই।







