আইএসএল(ISL) আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে শেষপর্যন্ত জট কেটে ফুটবল মাঠে বল গড়াতে চলেছে। কিন্তু সম্প্রচার(Broadcast) কারা করবে। ফেডারেশন শেষপর্যন্ত সেই সংস্থা খুঁজে পায়নি। অবশেষে এই মরসুমের আইএসএলের(ISL) মিডিয়া সত্ত্বের(Media Rights) জন্য বিডের আমন্ত্রন করল ফেডারেশন(AIFF)। ১৮ জানুয়ারিই সেই আমন্ত্রণ প্রকাশিত হয়েছে। দীর্ঘ শর্তের উল্লেখ করেই এবারের আইএসএলের জন্য মিডিয়া সম্প্রচারকারী সংস্থা বাছতে চলেছে ভারতীয় ফুটবল সংস্থা।
বিড জমা দেওয়ার শেষদিন নির্ধারিত হয়েছে আগামী পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত। একইসঙ্গে ফেডারেশনের(AIFF) আমন্ত্রণে জানানো হয়েছে যেসমস্ত বিডাররা আবেদন করবে, তারা যদি এই প্রক্রিয়া সম্বন্ধে আরও পরিস্কার করে সবকিছু জানতে চান, তবে সেটা আগামী ২৭ জানুয়ারির মধ্যে ফেডারেশনের(AIFF) কাছে আবেদন করতে হবে। ২৮ জানুয়ারিই ফেডারেশনের তরফে তাদেরকে সমস্তকিছু লিখিতভাবে জানিয়ে দেওয়া হবে।
তবে বিডারদের জন্য রয়েছে বহু শর্ত। যেমন যেই বিড করুক না কেন, সেই সংস্থার জাতীয় তো বটেই, আন্তর্জাতিক প্রতিযোগিতার ব্রডকাস্ট করার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। সেইসঙ্গে শুধুমাত্র টিভি চ্যানেল নয়, তাদের ইন্টারনেট পরিসেবা অর্থাৎ অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম থাকতে হবে।
একইসঙ্গে সেই বিড সংস্থার অর্থনৈতিক পরিস্থিতি যথেষ্ট স্বচ্ছ্বন্দ হতে হবে, সেইসঙ্গে শেষ বছরের সমস্ত ফিনান্সিয়াল রিপোর্টও জমা দিতে হবে। যাতে বোঝা যায় যে তাদের এমন একটা লিগ করার মতো পরিস্থিতি রয়েছে।
এই বিডিং পদ্ধতি সম্পূর্ণ হওয়ার পরই আগামী ২ ফেব্রুয়ারি ফেডারেশন টেকনিক্যাল ও কমার্শিয়াল পার্টনারশিপের জন্যও বিড আমন্ত্রণ করবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ১৭ মে পর্যন্ত চলবে এই মরসুমের আইএসএল।







