চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের জন্য এবার বিশেষ পদক্ষেপ নিতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। সেইই প্রস্তাব জানিয়েই কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে আবেদনও করা হয়েছে আরসিবি-র(RCB) তরফে। শোনাযাচ্ছে প্রায় ৩০০ থেকে ৩৫০ এআই প্রযুক্তি নির্ভর ক্যামেরা বসানোর আবেদন করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও এখনও পর্যন্ত তারা কোনওরকম অনুমোদন পেয়েছেন কিনা সেই বিষয়ে নিশ্চয়তা নেই।
আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার পরই চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল তাদের জন্য বিরাট সেলিব্রেশন উৎসব। সেখানেই দেখা দিয়েছিল চূড়ান্ত অব্যবস্থা। পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন ১১ জন সমর্থক। সেই থেকেই চিন্নাস্বামী স্টেডিয়ামে সবরকম খেলা বন্ধ রয়েছে। যতক্ষণ না পর্যন্ত টাস্ক ফোর্স কোনওরকম রিপোর্ট জমা দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত।
সামনেই রয়েছে এবার আইপিএল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও আইপিএলের ম্যাচ এই মাঠে খেলতে পারবে কিনা তা নিয়েও এখন জল্পনা তুঙ্গে। এমন পরিস্থিতিতেই যাতে তারা ম্যাচ এই মাঠেই আয়োজন করতে পারে সেই জন্যই বিশেষ উদ্যোগের প্রস্তাব দেওয়া হয়েছে। এমনকি সেই ক্যামেরা ইনস্টলের যাবতীয় খরচ অর্থাৎ প্রায় সাড়ে চার কোটি টাকা তারাই বহন করবে।
এই এআই ক্যামেরা গুলোর সাহায্যে নাকি সমর্থকদের সমস্ত রকম গতিবিধি নজরে রাখা যাবে। সেইসঙ্গে সকলেই নাকি থাকবে ট্র্যাকারের আওতায়। একইসঙ্গে ক্রাউড ম্যানেজমেন্ট করতেও সাহায্য করবে এই এআই নির্ভর ক্যামেরা।







