অর্শদীপ সিংয়ের(Arshdeep Singh) জন্য এবার মুখ খুললেন প্রাক্তন তারকা ভারতীয় বোলার রবিচন্দ্রন অশ্বিন(Ravichandran Ashwin)। বিশেষ করে অর্শদীপকে(Arshdeep Singh) কেন একটানা সুযোগ দেওয়া হচ্ছে না সেটা নিয়েই এবার প্রশ্ন তুলেছেন অশ্বিন। সকলকেই যখন পরপর ম্যাচে সুযোগ দিয়ে দেখা হচ্ছে, সেই সময় অর্শদীপকে বেশীরভাগ সময়ই মাঠের বাইরে দেখা যাচ্ছে। আর এটাই অর্শদীপের ওপর একটা মানসিক চাপ তৈরি করতে পারে বলেই মনে করছেন অশ্বিন।
এই মুহূর্তে নিউ জিল্যান্ডের(INDvNZ) বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের ওডিআই সিরিজে নেমেছে ভারত। সেখানে প্রথম ম্যাচ জিততে পারলেও, দ্বিতীয় ম্যাচে কিউইদের কাছে সাত উইকেটে হেরেছিল টিম ইন্ডিয়া। শোনাযাচ্ছে তৃতীয় ম্যাচে নাকি অর্শদীপ সিংকে সুযোগ দেওয়ার একটা কথাবার্তা চলছে। আর সেই পরিস্থিতিতেই এবার প্রশ্ন তুললেন খোদ রবিচন্দ্রন অশ্বিন।
তাঁর মতে অর্শদীপ সিংকে কেন প্রথম দুই ওডিআই ম্যাচে খেলানো হল না। কেনই বা তাঁকে পরপর ম্য়াচে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এটা যে একজন বোলারের ওপর মানসিক চাপ তৈরি করে তা বলতে কোনও দ্বিধা নেই অশ্বিনের। রবিচন্দ্রন অশ্বিন মনে করেন, যখনই তাঁর হাতে বল তুলে দেওয়া হয়েছে প্রতিবারই দলের হয়ে সেরা পারফরম্যান্স দেখিয়েছেন অর্শদীপ সিং। তিনি যে জায়গায়টা প্রত্যাশা করে সেই জায়গা তাঁকে অবশ্যই দেওয়া উচিৎ।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও হর্ষিত রানার সঙ্গে প্রসিধ কৃষ্ণার ওপরই ভরসা রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যদিও শেষ ম্যাচে বল হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন তারা দুজনই। প্রসিধ কৃষ্ণাও সেভাবে পারফরম্যান্স দেখাতে পারছেন না। অর্শদীপের সুযোগ নিয়েই এবার সরব হয়েছেন অশ্বিন।







