Shareসোমবার থেকে সারা রাজ্য জুড়ে শুরু হল জনকল্যাণ শিবির (Janakalyan Shibir)। নিজের জেলা পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম (Nandigram) থেকেই সরকারি এই কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তিনদিন ধরে চলবে এই শিবির। সাধারণ মানুষ যাতে সরকারি যাবতীয় প্রকল্পের সুযোগ-সুবিধা পায়, তা নিশ্চিত করতেই এই শিবিরের আয়োজন করা হয়েছে ৷ সোমবার নন্দীগ্রাম বিধানসভার রেয়াপাড়ায় জনকল্যাণ শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । ১৫ থেকে ১৭ তারিখ রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় এই জনকল্যাণ শিবির চলবে। এই প্রকল্পের উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী বলেন, “বিগত দিনে রাজ্য ও কেন্দ্রের মধ্যে বিবাদের জেরে বহু কেন্দ্রীয় জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন রাজ্যের সাধারণ মানুষ। কিন্তু এখন আর কেউ বঞ্চিত হবেন না। এবারে আমাদের ডাবল ইঞ্জিনের সরকার সাধারণ মানুষের জন্য তিনদিনব্যাপী ৫৫টি প্রকল্প নিয়ে জনকল্যাণ শিবিরের আয়োজন করেছে। এখান থেকে সাধারণ মানুষ সরকারি প্রকল্পের সমস্ত সুবিধা উপভোগ করবেন।” এবার থেকে রাজ্যের ও কেন্দ্রের যাবতীয় প্রকল্প, যেমন পিএম কিষান সম্মান নিধি, পিএম ক্রেডিট কার্ড, সয়েল হেলথ কার্ড, এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, প্রি ম্যাট্রিক – পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, শিক্ষাশ্রী, মেধাশ্রী, তপশিলি বন্ধু প্রধানমন্ত্রী জন ধন যোজনা, পি এম জীবনজ্যোতি বিমা যোজনা, পিএম সুরক্ষা বিমা যোজনা, অটল পেনশন যোজনা, পিএম মৎস্য কিষান সমৃদ্ধি যোজনা, পিএম গরিব কল্যাণ যোজনা, রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা, পিএম উজ্জ্বলা যোজনা, মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফর এগ্রিকালচার, প্রধানমন্ত্রী মাইক্রো ফুড প্রসেসিং,আয়ুষ্মান ভারত, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস ক্রেডিট কার্ড, আধার এনরোলমেন্ট, ই শ্রম কার্ড, আয়ুষ্মান ভারত, পিএম বিশ্বকর্মা, পিএম জনধন যোজনা, পিএম জীবন জ্যোতি, পিএম গরিব কল্যাণ অন্ন-সহ একাধিক প্রকল্পের সুবিধা এবং ফর্ম পূরণ করার ব্যবস্থা এখানে রয়েছে। সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে নাম নথিভুক্ত করার সুবিধা পাবেন রাজ্যবাসী। সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত চলবে এই শিবির।