রাজ্যে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে বাজিমাত স্বপন দাশগুপ্তর

রাজ্যে ক্ষমতায় আসার পর এই প্রথম পূর্ণাঙ্গ বাজেট (Bengal Budget 2026) পেশ করল বিজেপি (BJP) সরকার। এবারের বাজেটে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। সোমবার বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে তিনি একদিকে যেমন জনপ্রতিনিধিদের উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ বাড়ানোর কথা ঘোষণা করেন, অন্যদিকে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মেনে ২০ শতাংশ মহার্ঘভাতা (DA) বৃদ্ধির কথাও জানান অর্থমন্ত্রী। এই দুই ঘোষণাই ছিল এই বাজেটের অন্যতম আকর্ষণ। এছাড়াও এদিনের বাজেটে সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ, এনভিএফ কর্মী, প্রাণীবন্ধু ও প্রাণীমিত্রদের মাসিক পারিশ্রমিক ২ হাজার টাকা করে বৃদ্ধি করা হচ্ছে। এছাড়া অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের মাসিক ৫ হাজার টাকা বেতন বৃদ্ধির ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর। স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বৃদ্ধি করে মাসে ১৬ হাজার টাকা করা হবে। পাশাপাশি অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক পেনশন এবং মিথ্যা মামলায় কারাবাস করা ব্যক্তিদের জন্য বিশেষ আর্থিক সহায়তারও ঘোষণা করা হয়েছে। সোমবার বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী ঘোষণা করেন, রাজ্যে বর্তমানে চালু থাকা সমস্ত সামাজিক সুরক্ষামূলক প্রকল্প বহাল থাকবে। তিনি বলেন, ‘সরকারি প্রকল্পের সুবিধা সমাজের সবচেয়ে দুর্বল শ্রেণির কাছে পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যেই প্রকল্পগুলির প্রয়োজনীয় পরিবর্তন ও সংস্কার করা হবে।’ ফলে সরকার বদলের পর বিভিন্ন জনমুখী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, তা অনেকটাই দূর হল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। প্রশাসনিক স্বচ্ছতা ও দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থানের কথাও তুলে ধরেন স্বপন দাশগুপ্ত। তিনি বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো গঠন করা আমাদের দৃষ্টিভঙ্গির মূল স্তম্ভ। রাজ্যের জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হবে।’ সেই লক্ষ্যেই নাগরিক পরিষেবাকে আরও সহজ ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আপনার সরকার, আপনার পাশে’ নামে নতুন উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার বলে জানান তিনি। বাজেট বক্তৃতায় রাজ্যের আর্থিক অবস্থার কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি জানান, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের মোট ঋণের পরিমাণ ৮ লক্ষ ১৫ হাজার ৮৯১ কোটি টাকা। এই বিপুল ঋণের বোঝা সামাল দিয়েই উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্প চালিয়ে যাওয়া রীতিমত চ্যালেঞ্জ সরকারের সামনে। তবে বাজেটের সবচেয়ে বড় ঘোষণাগুলির মধ্যে অন্যতম ছিল কর্মসংস্থান সংক্রান্ত সিদ্ধান্ত। অর্থমন্ত্রী জানান, আগামী দিনে রাজ্যে এক লক্ষ শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে ৩৩ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। পাশাপাশি পুলিশ বিভাগে ৫০ হাজার কর্মী নিয়োগের কথাও ঘোষণা করা হয়েছে। চাকরিপ্রার্থীদের জন্য আরও একটি বড় স্বস্তির খবর দিয়ে তিনি জানান, নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা দু’বছর পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে। সব মিলিয়ে, বাজেটে শুধু অবকাঠামো বা কর্মসংস্থানের ওপর জোর দেওয়া হয়নি, বরং বিভিন্ন স্তরের কর্মী, অবসরপ্রাপ্ত পেশাজীবী এবং বিশেষ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্যও একাধিক কল্যাণমূলক পদক্ষেপ ঘোষণা করেছে সরকার। রাজনৈতিক মহলের মতে, সামাজিক সুরক্ষা ও জনমুখী বার্তা দিতেই এই ঘোষণাগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।