শহরে আসছেন জেরি, ইউসুফের সঙ্গেও সই হয়ে গেল ইস্টবেঙ্গলের

সৌভিক মহন্ত অবশেষে অপেক্ষার অবসান। ইউসুফ এজ্জেজারির(Yusuf Ezejjari) সঙ্গে সইপর্ব সেরে ফেলল ইস্টবেঙ্গল(Eastbengal)। কয়েকদিন আগেই তাঁর প্রাক্তন ক্লাবে খেলার খবর সামনে আসতেই শুরু হয়েছিল জোর জল্পনা। প্রশ্ন উঠতে শুরু করেছিল ইউসুফ কী আদৌ আসছেন। সেই জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবারই ইস্টবেঙ্গলের চুক্তিতে সই করলেন এই স্প্যানিশ স্ট্রাইকার। সেইসঙ্গেই তাঁর ভিসার কাজও শুরু হয়ে গিয়েছে। সবকিছু ঠিকঠাক চললে আগামী সপ্তাহেই হয়ত শহরে চলে আসবেন ইউসুফ। আপাতত তাঁর সঙ্গে শুধুমাত্র এই মরসুমের জন্যই চুক্তি করেছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। তিনি মাঠে নেমে কেমন খেলেন সেটাই দেখার। ইউসুফ কবে আসছেন তা এখনও জানা না গেলেও শুক্রবারই শহরে চলে আসছেন ইস্টবেঙ্গলের নতুন উইঙ্গার জেরি(Jery)। তবে সেদিন থেকেই তাঁর প্রস্তুতিতে নামার সম্ভাবনা নেই বললেই চলে। জেরির(Jerry) সঙ্গে কথাবার্তা আগেই পাকা হয়ে গিয়েছিল। কিন্তু তিনি কবে আসছেন সেই নিয়েই চলছিল নানান গুঞ্জন। শোনাযাচ্ছে শুক্রবারই কলকাতায় পৌঁছচ্ছেন এই তরুণ তারকা উইঙ্গার। এখনও পর্যন্ত অবশ্য তাঁর শুক্রবারের প্রস্তুতিতে যোগ দেওয়ার কোনও সম্ভাবনা নেই। তবে কোচ যদি ডেকে নেন, তবে সরাসরি এসে প্রস্তুতিতে যোগ দিতেও পারেন জেরি।
গোল মেশিনের লাল-হলুদ জার্সিতে সাফল্যের অপেক্ষায় সকলে

হিরোশি যাওয়ার এক সপ্তাহের মধ্যেই নতুন স্প্যানিশ কোচ ঠিক করে ফেলেছে ইস্টবেঙ্গল(Eastbengal)। কোচ অস্কার ব্রুজোঁই খুঁজে বের করেছেন তাঁকে। কথাবার্তা পাকা। ঘোষণাটা এখন শুধুই সময়ের অপেক্ষা। কিন্তু কেমন হবেন এই স্প্যানিশ স্ট্রাইকার ইউসুফ এজেজ্জারি(Yusuf Ezejjari)। তাঁর প্রোফাইলের দিকে নজর রাখলে তা কিন্তু বেশ নজরকাড়া। তিনি যেখানেই খেলেছেন গোল পেয়েছেন। তবে ইস্টবেঙ্গলে এসে তিনি সেই সাফল্যের ধারা ধরে রাখতে পারবেন কিনা সেটা তো সময়ই বলবে। ইন্দোনেশিয়ার পেরসিক কেদিরির হয়ে ৩২ ম্যাচে ১৮ গোল করেছিলেন এই স্প্যানিশ ফুটবলার। সেইসঙ্গে লিগের অন্যতম সেরা ফরোয়ার্ডও হয়ে গিয়েছিলেন। সেখান থেকে যে ক্লাবেই গিয়েছেন নিজের সেরা পারফরম্যান্স দেখিয়েছেন। যেমন কম্বোডিয়ার ভিসাকা এফসির হয়ে ১১ ম্যাচে ১০ গোল। তেমনই সিঙ্গাপুর প্রিমিয়ার লিগে পাঁচ ম্যাচে চার গোল। আবার তানজম পাগার ইউনাইটেডের হয়ে ছয় ম্যাচে পাঁচ গোল। তাঁর প্রোফাইল দেখে সকলেই বেশ উচ্ছ্বসিত। কিন্তু যে ক্লাব থেকেই তিনি এসেছেন, সেখানে ইউসুফের পারফরম্যান্স উল্লেখযোগ্য হলেও, দলের পারফরম্যান্স কিন্তু খুবই খারাপ। যেখান থেকে তিনি এসেছেন, সেই ক্লাব তো এখন প্রায় অবনমনের আওতায়। যদিও ইস্টবেঙ্গল অবশ্য ইউসুফ এজেজ্জারিকে নিয়ে আশাবাদী।