পুজোর মুখে ফের কি বৃষ্টির সম্ভাবনা, কী বলছে হাওয়া অফিস

পুজো আসতে আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন। তারপরই বাঙালিদের প্রাণের উৎসব দুর্গাপুজো। এরই মধ্যে চারিদিকে বেশ উৎসবমুখর আবহ তৈরি হয়ে গেছে। এখন তো মহালয়ার পর থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ভিড় উপচে পড়ে। ষষ্টী-সপ্তমীর জন্য আর অপেক্ষা করে থাকে না কেউ। তবে এবার বর্ষার পরিমাণ গত বছরগুলোর তুলনায় অনেকটাই বেশি হওয়ায় সমস্যার মধ্যে পড়েছেন অনেক পুজো উদ্যোক্তা। সেক্ষেত্রে আগামী রবিবার মহালয়া। তারপর থেকেই শুরু হবে দেবীপক্ষ। কিন্তু সবার মনে এখন একটাই প্রশ্নের মেঘ উঁকি দিচ্ছে তা হল, এবার পুজোয় বৃষ্টি হবে না তো? এ বিষয়ে কী বলছে হাওয়া অফিস, আসুন দেখে নিই (Weather Reports)। গত দু দিন রোদ ঝলমলে আবহাওয়া দেখে আপনিও নিশ্চয় এতক্ষণে পুজোর প্ল্যানিং শুরু করে দিয়েছেন। কিন্তু আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট দেখার পর আপনার কপালেও যে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। হাওয়া অফিস বলছে, আজ অর্থাৎ শুক্রবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। সেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় শুক্রবার আংশিক মেঘলা আকাশ থাকবে। হালকা দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। কলকাতায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯১ শতাংশ, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৬৭ শতাংশ। দক্ষিণবঙ্গের সব জেলায় মোটামুটি ভাবে একই রকম আবহাওয়া থাকলেও পূর্ব বর্ধমানের জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সেখানে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের আলিপুরদয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পংয়ে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সেখানে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পালাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্ত যে এবারের পুজোতে মাথাব্যথার কারণ হতে পারে তারও ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।
আবারও নিম্নচাপের ভ্রূকুটি, ভাসবে বাংলা

টানা বৃষ্টিতে এক সময় নাভিশ্বাস উঠেছিল শহরবাসী। সেখান থেকে গত কয়েকদিনে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। রোদ ঝলমলে আবহাওয়ায় চড়চড় করে বেড়েছে শহরের উত্তাপ। কিন্তু এই স্বস্তি বোধহয় দীর্ঘস্থায়ী নয়। আবারও নিম্নচাপের সতর্কবার্তা শোনালো আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ। যার জেরে ২৩শে জুলাই, অর্থাৎ বুধবার থেকে আবারও ভাসবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। তেমনই ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা আগামী ২৪, ২৫ ও ২৬ জুলাই পর্যন্ত। নিরাপত্তার কারণে মৎস্যজীবীদের বুধবার বিকেলের মধ্যে স্থলভাগে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। পরশু অর্থাৎ ২৪ জুলাই থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সতর্কতা না থাকলেও উত্তরবঙ্গে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে রোদের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোথাও আংশিক আবারও কোথাও বা সম্পূর্ণ মেঘলা আকাশ থাকবে। বুধবার বিকেল অথবা সন্ধ্যার পর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির শুরুর সম্ভাবনা। সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কলকাতাতে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। শুক্রবার পশ্চিমবঙ্গের জেলাগুলো যেমন বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর সহ হাওড়া, হুগলি ও বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও দাপট দেখাবে বৃষ্টি। মঙ্গলবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা হয়েছে। বাকি সব জেলায় মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে। তবে বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। সব মিলিয়ে সপ্তাহ জুড়ে যে আবারও যে দুর্ভোগ পোহাতে হবে বাঙালিকে তা আর বলার অপেক্ষা রাখে না