তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে তাৎপর্যপূর্ণ পোস্ট মমতা ও অভিষেকের

আজ ২৮ আগস্ট। তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন ‘টিএমসিপি'(TMCP)-র প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষ্যে আজ মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে সভা করবে তৃণমূল ছাত্র পরিষদ। বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই ছাত্রছাত্রীরা সেই সভার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই মঞ্চ থেকেই ছাত্র-যুবদের উদ্দেশ্য আগামী দিনে কী বার্তা দেন, সে দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল। পাশাপাশি এই সভায় বক্তব্য রাখবেন দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তবে তার আগে এদিন সকালেই দলের ছাত্র-যুবদের উদ্দেশ্য নিজের সোস্যাল সাইটে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোনও ভাবেই অন্যায়ের সঙ্গে আপোষ না করে মাথা উঁচু করে লড়াই করার বার্তাই দিলেন মমতা। তিনি তাঁর পোস্টে দলের প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে লেখেন, “তৃণমূল ছাত্র পরিষদের এই ঐতিহাসিক প্রতিষ্ঠা দিবসে আমি এর নতুন-পুরোনো সকল সদস্য-সদস্যাকে জানাই জাতীয়তাবাদী অভিনন্দন। তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ। বাংলাকে আরও উন্নত ও শক্তিশালী করার লক্ষ্যে আমাদের যে লড়াই তাতে তারাও সামিল।” মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি দলের ছাত্র-যুবদের অভিনন্দন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি তাঁর পোস্টে লেখেন, টিএমসিপি (TMCP) তরুণদের তাঁদের কণ্ঠস্বরকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে, উজ্জ্বল আগামীর জন্য অবদান রাখতে সক্ষম। সমাজিক ন্যায়বিচারের দাবিতে বাংলার যুবসমাজের অনেকটাই ভূমিকা রয়েছে। ছাত্র পরিষদের প্রত্যেক সদস্যের দৃঢ় অঙ্গীকারের জন্য তাঁদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এবং সকলকে নতুন সংকল্প এবং নিষ্ঠার সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।” ২৬শে বিধানসভা নির্বাচনের আগে দলের ছাত্র-যুবদের উদ্দেশ্য এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কেননা দলের ছাত্র-যুবদের অনেকেই নতুন ভোটার। সেক্ষেত্রে তারা যে আগামী নির্বাচনে তৃণমূলের ভোট-ব্যাংকে অনেকটাই প্রভাব ফেলবে, তা বলাই বাহুল্য।
খুনের আতঙ্কে ঘুম উড়েছে মালদার তৃণমূল নেতার

মালদার হরিশ্চন্দ্রপুরের দাপুটে তৃণমূল নেতা বুলবুল খান। জেলায় দলের সাধারণ সম্পাদক তিনি। এমনকী মালদা জেলা পরিষদের তৃণমূল সদস্যও রয়েছেন তিনি। এলাকায় অত্যন্ত প্রভাবশালী বলে পরিচিত। বুলবুলের অভিযোগ তাঁকে খুনের জন্য বিহারের কিছু মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল চক্রান্ত করছে। ভাড়া করা হয়েছে শার্প শুটারও। হরিশ্চন্দ্রপুরের সুলতাননগর গ্রামে তাঁর বাড়ির সামনে পাঠানো হয়েছে রেকি করতে। গোপন সূত্র মারফত তিনি সেটা জানতে পেরেছেন। আর তারপর থেকেই আতঙ্কে ঘুম উড়েছে তাঁর। চূড়ান্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি জানার পরেই হরিশ্চন্দ্রপুর থানার দারস্থ হয়েছেন তিনি। থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। এমনকী ইমেইল মারফত পুরো বিষয়টাই জানিয়েছেন মালদার পুলিশ সুপারকেও। কিন্তু প্রশ্ন উঠেছে যদি বুলবুল খানের অভিযোগ সত্যি হয়, তবে দাপুটে এই নেতাকে কারা খুনের চক্রান্ত করছে? কেনই বা চক্রান্ত করছে? এই নিয়ে ক্যামেরার সামনে স্পষ্ট করে কিছু বলতে চাননি ওই নেতা। তবে এর পেছনে দলের একাংশের যোগসূত্রের কথাও তিনি সম্পূর্ণ উড়িয়ে দেননি। অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেন, ভাগলপুরের এক জেলবন্দী, এবং মালদায় জেলবন্দী বিহারের এক শার্প শ্যুটার ও দাগি অপরাধীকে তাঁর নামে সুপারি দেওয়া হয়েছে। তাঁকে খুনের ষড়যন্ত্রে বিহারের অপরাধীদেরই ব্যবহার করা হচ্ছে। চলতি বছরের শুরুতেই মালদা শহরে খুন হন তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকার। সেই ঘটনায় গ্রেফতার হন ইংরেজবাজার শহর তৃণমূলেরই সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। আবার অতি সম্প্রতি মানিকচকে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার হয়েছেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য। হরিশ্চন্দ্রপুরেও মন্ত্রী তাজমুলের সঙ্গে ইদানিংকালে বারবার বুলবুল খানের সংঘাত প্রকাশ্যে এসেছে। এই ঘটনাগুলোকে হাতিয়ার করেই বিরোধীদের অভিযোগ, এটা ২০২৬ বিধানসভার টিকিট নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। যেখানে তৃণমূল নেতারা নিজেরাই নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা তারা কিভাবে দেবে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় মানতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, বিজেপি শাসিত বিহার থেকে দুষ্কৃতিদের পাঠানো হচ্ছে মালদা জেলাকে অশান্ত করার জন্য। যদিও এই চক্রান্ত নিয়ে ভয় পেতে নারাজ বুলবুল। পুলিশের উপর এখনও তিনি ভরসা রাখছেন। তবে বিষয় নিয়ে পরিবার যে আতঙ্কে রয়েছে, সে কথাও জানিয়েছেন তিনি। সমগ্র ঘটনা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। এই ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।