প্যারালাল নিউজ ডেস্ক: ১৬ জুলাই। ডোরিনা ক্রসিংয়ে মঞ্চ থেকে ফের কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল সুপ্রিমো।হুঁশিয়ারি, “ বাঙলায় কথা বললে আপনাদের সমস্যা কোথায়? কেন বাংলায় কথা বললে অত্যাচার করা হচ্ছে ? আমি এবার ঠিক করেছি বাংলায় কথা বলব। ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে রাখুন।”
গোটা দেশে বিজেপি শাসিত রাজ্য গুলোতে বাংলায় কথা বললেই হেনস্তার শিকার হতে হচ্ছে বাঙালিদের। তার প্রতিবাদে মঙ্গলবার বৃষ্টি মাথায় করে রাস্তায় নামেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে মমতার অভিযোগ, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওই বিজ্ঞপ্তির প্রসঙ্গে তিনি বলেন, “যাকেই সন্দেহ হবে জেলে নিয়ে এক মাস রেখে দিতে পারো। বিনা বিচারে এক মাস রেখে দেবেন? এটা কী! এ তো জরুরি অবস্থার থেকেও বেশি। ইন্দিরা গান্ধীকে গালাগাল দিয়ে সুপার ইমার্জেন্সি ডে পালন করলেন। তাহলে আপনারা কী করছেন? এ তো জরুরি অবস্থার থেকেও বেশি কিছু। অবৈধভাবে আইন করেছে, যে আইনের মানে বোঝে না।” তিনি আরও বলেন, “ভারত সরকার লুকিয়ে নোটিফিকেশন দিয়েছে। কেন্দ্রের বিজ্ঞপ্তিকে আমরা চ্যালেঞ্জ করব।”মমতার হুঁশিয়ারি, “আমি বাংলায় কাজ করি। বাংলার লোকে আমাকে বেছে নিয়েছেন। আমাকে বাংলায় কাজ করতে দিন। বাংলায় আমার সমস্যা করলে আমি গোটা ভারতে ঘুরব। আমাকে আপনারা আটকে রাখতে পারবেন না। আমি দেখব কতগুলি ডিটেনশন ক্যাম্পে আমাকে নিয়ে যেতে পারেন। সেখানে গিয়েও আমি বাংলাতেই কথা বলব। বাংলার লোকেদের ডিটেনশন ক্যাম্পে রাখলে বাংলার মানুষও বিজেপিকে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ভাবে ডিটেনশন ক্যাম্পে রাখবে। বিজেপি জেনে রাখো, খেলা হবে। তৈরি থাকো।” তিনি আরও বলেন, “আমি বিহারে শুনেছি ৩০.৫ লক্ষ ভোট বাদ দিয়ে দিয়েছে। এ সব করে মহারাষ্ট্রে বিজেপি জিতেছে। না হলে জিততে পারত না। দিল্লিতেও এই সব করেই জিতেছে। বিহারেও সেই পরিকল্পনা করছে। তারাও আমাদের ভাইবোন। বাংলাতেও পরিকল্পনা করছে। আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করব। বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও আমরা ছাড়ব না।”







