মমতাকে পরামর্শ দাতা হিসাবে চান বিরোধী নেতা ঋতব্রত

তৃণমূল কংগ্রেসে(TMC) কী এবার মমতা বন্দ্যোপাধ্যায়ই(Mamata Banerjee) অতীত হতে চললেন। গোটা বুধবার ধরে যে নাটক চলল এবং বিকেলে বিরোধী শিবিরের নেতা হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের(Ritabrata Banerjee) আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়াতে তেমনটাই যেন মনে করতে শুরু করেছেন অনেকে। নির্বাচনের ফল ঘোষণার এক মাস হওয়ার আগেই যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল তৃণমূল কংগ্রেস। অবশ্য নতুন বিরোধী নেতা হওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) পরামর্শদাতা হিসাবে থাকার কথাও বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল থেকেই ছিল আসল ও নকল তৃণমূল নিয়ে জোর তরজা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ক্ষোভ প্রদর্শন করেই ঋতব্রত, সন্দীপনের সঙ্গে ৫৮ জন বিধায়ক আলাদা হয়ে যান। এমনকী তারাই যে তৃণমূল কংগ্রেস সেই কথাই বলতে থাকেন। আর তাতেই যেন তৃণমূলের ভাঙনটা সকলের সামনে চলে আসে। তারপরই আবার তৃণমূলের তরফ থেকে এক্স হ্যান্ডেলে আবার সমস্ত পদ ভেঙে দেওয়ার ঘোষণাও করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা দলনেত্রী মানলেও বিরোধী নেতা হিসাবে স্বীকৃতি পেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত অভিষেক কিংবা মমতার কোনওরকম রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাফ বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা পরামর্শদাতা হিসাবে থাকার আবেদন করছেন। মমতা থাকবেন কিনা সেটা তো সময়ই বলবে। তবে নির্বাচন মিটতেই তৃণমূল যে পর্যুদস্ত হয়ে পড়েছে তা বলার অপেক্ষা রাখে না।