অভিষেকের কেন্দ্র থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

জেলা সফর শুরু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর(Shubhendu Adhikari)। আর সেটাই শুরু করলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র থেকে। সেখান থেকেই পুলিশের উদ্দেশ্যে বিরাট বার্তাও দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। তাঁর সাফ বার্তা রাজ্যে আর শাসকের আইন নয়। এবার থেকে চলবে আইনের শাসন। একইসঙ্গে পুলিশকে যে ন্যায় সংহিতা মেনে কাজ করতে হবে সেটাও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট বলে দেন, কোনও রাজনৈতিক সন্ত্রাস, তোলাবাজি বাংলায় চলবে না। মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রেও কোনও আপস করা হবে না। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর নির্দেশ, এত দিন সরকারি প্রকল্পের সুবিধা প্রদানের বদলে কেউ যদি কাটমানি নিয়ে থাকেন, পুলিশ যেন তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়। একইসঙ্গে ডায়মন্ডহারবারের সভা থেকে শুভেন্দু অধিকারী জানান, গত পাঁচ বছরের রাজনৈতিক হিংসা নিয়েও এবার ব্যবস্থা নেবে নতুন সরকার। গত পাঁচ বছরে রাজনীতির যে হিংসা হয়েছে, যারা তার শিকার, তথ্যপ্রমাণ দিয়ে অভিযোগ জানান। যাদের কাছে তথ্যপ্রমাণ নেই পুলিশ তদন্ত করে দেখবে অভিযোগ সঠিক কি না। নতুন করে থানাগুলোতে অভিযোগ করতে পারেন। রাজনৈতিক হিংসার শিকার, এমনকী পুলিশের দ্বারা অন্যায় ভাবে অত্যাচারিতরাও থানায় অভিযোগ জানান, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘদিন ধরেই অটো, টোটো এবং হকারদের থেকে তোলা তোলার অভিযোগ উঠে আসছে। এবার সেই দিকেও বিশেষ নজর শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকারের। কোনওরকম সিন্ডিকেট যেমন চলবে না, তেমনই অবৈধ টোলও যে চলবে তা সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকার গঠনের পর থেকেই একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে বিজেপি। শনিবার শুভেন্দু অধিকারীর ডায়মন্ডহারবার সভার দিকে যে সকলে তাকিয়ে ছিল তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবার ডায়মন্ডহারবার থেকেও যেন জিরো টলারেন্সের বার্তাই দেওয়া হল।