আবারও নিম্নচাপের ভ্রূকুটি, ভাসবে বাংলা

টানা বৃষ্টিতে এক সময় নাভিশ্বাস উঠেছিল শহরবাসী। সেখান থেকে গত কয়েকদিনে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। রোদ ঝলমলে আবহাওয়ায় চড়চড় করে বেড়েছে শহরের উত্তাপ। কিন্তু এই স্বস্তি বোধহয় দীর্ঘস্থায়ী নয়। আবারও নিম্নচাপের সতর্কবার্তা শোনালো আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ। যার জেরে ২৩শে জুলাই, অর্থাৎ বুধবার থেকে আবারও ভাসবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। তেমনই ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা আগামী ২৪, ২৫ ও ২৬ জুলাই পর্যন্ত। নিরাপত্তার কারণে মৎস্যজীবীদের বুধবার বিকেলের মধ্যে স্থলভাগে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। পরশু অর্থাৎ ২৪ জুলাই থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সতর্কতা না থাকলেও উত্তরবঙ্গে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে রোদের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোথাও আংশিক আবারও কোথাও বা সম্পূর্ণ মেঘলা আকাশ থাকবে। বুধবার বিকেল অথবা সন্ধ্যার পর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির শুরুর সম্ভাবনা। সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কলকাতাতে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। শুক্রবার পশ্চিমবঙ্গের জেলাগুলো যেমন বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর সহ হাওড়া, হুগলি ও বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও দাপট দেখাবে বৃষ্টি। মঙ্গলবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা হয়েছে। বাকি সব জেলায় মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে। তবে বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। সব মিলিয়ে সপ্তাহ জুড়ে যে আবারও যে দুর্ভোগ পোহাতে হবে বাঙালিকে তা আর বলার অপেক্ষা রাখে না