তৃণমূলকে শূন্য করার ডাক দিয়ে দল ঘোষণা হুমায়ুনের

নতুন দলের নাম ঘোষণা করেই ১০ প্রার্থীর নামও জানিয়ে দিলেন হুমায়ুন কবীর(Humayun Kabir)। সেইসঙ্গে সবা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হুঙ্কার দিলেন তিনি। কয়েকদিন আগেই তাঁর নতুন দল আসা নিয়ে বার্তাটা দিয়েই রেখেছিলেন হুমায়ুন। অপেক্ষা ছিল সেই দলের নাম ঘোষণা। সোমবারই জনতা উন্নয়ন পার্টির(JUP) নাম ঘোষণা করে দিলেন খোদ হুমায়ুন। সেইসঙ্গেই ১০ জন প্রার্থীর নামও জানিয়ে দিয়েছেন তিনি। তবে হুমায়ুনের(Humayun Kabir) দল গোটা রাজ্যে প্রার্থী দেবে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত পরিস্কারভাবে কিছু জানাননি তিনি। তবে দলের নাম ঘোষণার মঞ্চ থেকেই তৃণমূলকে একহাত নিয়েছেন হুমায়ুন কবীর। নতুন দলের নাম ঘোষণা করেই মূর্শিদাবাদে তৃণমূলকে শূন্যে নামিয়ে আনার হুঙ্কার হুমায়ুন কবীরের। একইসঙ্গে তাঁকে তৃণমূল থেকে সাসপেন্ড করার জন্যও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন হুমায়ুন। যে দশটি কেন্দ্রে প্রার্থীর নাম তিনি ঘোষণা করেছেন, তার মধ্যে দুটিতে হুমায়ুন কবীর নিজেই দাঁড়াবেন। একটি ভরতপুর এবং একটি রেজিনগর। একইসঙ্গে মূর্শিদাবাদ কেন্দ্র থেকে প্রার্থী হবেন মনীষা পাণ্ডে। রানিনগর থেকে লড়বেন আর এক হুমায়ুন কবীর। তিনি ২০১৬ সালের বিধানসভা ভোটে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে কংগ্রেসের কাছে হেরে যান।