রেল মানচিত্রে যুক্ত হল মিজোরাম, প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন নতুন রেলপথের

দিল্লি থেকে মিজোরাম জুড়ে দিল নতুন রেলপথ। শনিবার আইজলে বৈরবি-সৈরাং এই নতুন রেললাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আইজলের সিপাই লাম্মুয়ালে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও, খারাপ আবহাওয়ার কারণে লেঙ্গপুই বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করলেন এই রেলপথের। যদিও দুর্গম পাহাড় ও জঙ্গলের কারণে এই রেলপথ তৈরির কাজ এগিয়ে নিয়ে যাওয়া মোটেও সহজ হয়নি। এই রেলপথ নির্মাণের সঙ্গে যুক্ত সমস্ত ইঞ্জিনিয়ার ও কর্মীদের এদিন ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। প্রায় ৯ হাজার কোটি টাকা খরচে তৈরি ৫১.৪ কিলোমিটার দীর্ঘ এই বৈরবি-সৈরাং রেলপথ, মিজোরামের প্রথম রেলপথ। রেলপথ উদ্বোধনের পাশাপাশি এদিন নরেন্দ্র মোদী আইজল থেকে দিল্লি পর্যন্ত রাজধানী এক্সপ্রেস এবং সৈরাং থেকে গুয়াহাটি ও কলকাতা পর্যন্ত দু’টি দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনেরও উদ্বোধন করেন। এই ভার্চুয়াল সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এদিন বলেন, “মিজোরাম তো বটেই, গোটা দেশের জন্য এটা একটা ঐতিহাসিক দিন। আজ থেকে ভারতীয় রেলের সঙ্গে যুক্ত হল আইজল। এই রেলপথ তৈরি হওয়ায় মিজোরামের জীবন ও জীবিকায় বড় পরিবর্তন আসবে।খুব সহজেই এখানকার কৃষক ও ব্যবসায়ীরা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যেতে পারবে।” পাশাপাশি এই রেলপথ তৈরি নিয়ে বিরোধীদেরও নিশানা করেন নরেন্দ্র মোদী। তাঁর অভিযোগ, ভারতের কিছু রাজনৈতিক দল শুধুমাত্র ভোটের রাজনীতি করে। দেশের সার্বিক উন্নয়ন নিয়ে তাঁদের কোনও মাথাব্যথা নেই। আর সে কারণেই মিজোরামে রেলপথ তৈরির কথা কারও মাথায় আসেনি। প্রায় দু-দশকের উপর চলছে এই রেলপথ তৈরির কাজ। এই গোটা রেলপথের জন্য তৈরি করা হয়েছে ৪৮টি সুড়ঙ্গ। এছাড়া ৫৫টি বড় সেতু এবং ৮৭টি ছোট সেতু রয়েছে এই লাইনের যাত্রাপথে। অবশেষে চলতি মাসের জুনে এই রেলপথে ট্রেন চলাচলের গ্রিন সিগনাল দেয় রেল সুরক্ষা কমিশন। আর শনিবার সেই রেলপথেরই উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বীরভূম থেকে জয়দেব সেতুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আরও কাছাকাছি দুর্গাপুর থেকে বোলপুর। মঙ্গলবার ইলামবাজারে অজয় নদের জয়দেব সেতু উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। মোট ১৩৮ কোটি টাকা ব্যয়ে পূর্ত দপ্তর এই সেতু নির্মাণ করেছে। এর ফলে দুর্গাপুর থেকে বোলপুর যাওয়া এবার আরও সহজ হবে। বীরভূমের জয়দেব এবং পশ্চিম বর্ধমানের বিদবিহারে অজয় নদের উপর গড়ে উঠল স্থায়ী সেতু, নাম দেওয়া হয়েছে জয়দেব সেতু। এতদিন অজয় নদ পেরনোর জন্য সাধারণ মানুষের প্রচুর ভোগান্তিতে পড়তে হত। বর্ষার সময় সেই পথ পেরনো আরও দুঃসহ হয়ে যেত সাধারণ মানুষের কাছে। মঙ্গলবার বীরভূমের ইলামবাজারে প্রশাসনিক সভা থেকে এই সেতুর ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, গলসির বিধায়ক নেপাল ঘড়ুই, জেলাশাসক পন্নামবলাম এস, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত। এছাড়াও ছিলেন নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান সুভাষ মণ্ডল প্রমুখ। উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অজয় নদের উপর যে সেতু গড়ে উঠেছে সেই সেতুর নাম জয়দেব সেতু করা হোক। এই সেতু হওয়ায় উপকৃত হবেন বহু মানুষ। জয়দেবের মেলায় আসতেও মানুষের সুবিধা হবে।” এদিনই এই সেতু দিয়ে চালু হল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এসবিএসটিসি) দুর্গাপুর-সিউড়ি রুটের বাস। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “এই সেতু নির্মাণের ফলে উপকৃত হবে দুই জেলার মানুষ। পণ্য পরিবহণে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগসূত্র আরও নিবিড় হবে।”