খড়গপুর আইআইটি ক্যাম্পাসে এবার থেকে গুরুত্ব পাবে বাংলাও

বাংলা ভাষা এবং বাঙালিকে কেন্দ্র করে যখন রাজ্য রাজনীতি উত্তাল। তখন বাংলা ভাষাকে সম্মান জানাতে এবার থেকে খড়গপুর আইআইটি ক্যাম্পাসের সাইনবোর্ড, নামফলক এবং দিক-নির্দেশ বোর্ডে হিন্দি ও ইংরেজির পাশাপাশি থাকবে বাংলাও। এই শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ডিরেক্টর সুমন চক্রবর্তীর উদ্যোগেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। এ প্রসঙ্গে সুমন চক্রবর্তীর যুক্তি, বাংলার একটি শিক্ষা প্রতিষ্ঠান হয়েও খড়গপুর আইআইটির ক্যাম্পাসে বাংলা এতদিন প্রায় ছিল না বললেই চলে। এখানে কাজ করা বহু অশিক্ষক কর্মী কেবলমাত্র বাংলা ভাষাতেই স্বচ্ছন্দ। হিন্দি বা ইংরেজি অনেকের পক্ষেই দুর্বোধ্য। তাই তাঁদের কথা বিবেচনা করে ক্যাম্পাসের অডিটোরিয়াম, বিভাগীয় ভবন, প্রশাসনিক দফতর থেকে শুরু করে ঐতিহাসিক হিজলি ডিটেনশন ক্যাম্প সব কিছুর নাম, নির্দেশ ও পরিচিতি এবার বাংলাতেও লেখা হবে। নির্দেশকের দফতর এবং তাঁর সরকারি বাসভবনের নামফলকেও ইতিমধ্যেই বাংলা অন্তর্ভুক্ত হয়েছে। ২০২০ সালের জাতীয় শিক্ষানীতিতে তিন ভাষার ব্যবহারের উপর যে জোর দেওয়া হয়েছে, সেই নীতিকে অনুসরণ করেই এই সিদ্ধান্ত। সুমন বাবুর মতে, এটি শুধুমাত্র ভাষার প্রশ্ন নয়, এটি একটি সাংস্কৃতিক অবস্থানও। আগামী ১৮ অগস্ট প্রতিষ্ঠা দিবস কলেজ ক্যাম্পাসে পরিকাঠামোগত উন্নয়ন ও শিলান্যাসের কর্মসূচি রয়েছে, সেখানেও হিন্দি এবং ইংরেজির পাশাপাশি বাংলা ফলক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী এই নির্দেশ কার্যকর করতে রাজভাষা বিভাগকেই দায়িত্ব দেওয়া হয়েছে পুরো বিষয়টি দেখভালের। বাংলা ভাষার প্রশ্নে সারা দেশেই যখন রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, এমনকী বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষায় কথা বলার জন্যই অত্যাচারিত হতে হচ্ছে, সেখানে দাঁড়িয়ে— খড়গপুর আইআইটির এই উদ্যোগ যে কিছুটা হলেও বাঙালি অস্মিতায় বাড়তি অক্সিজেন জোগাবে, তা ধরে নেওয়াই যায়।