‘বেঙ্গল ফাইলস’ বিতর্কে মমতার বিরুদ্ধে বিস্ফোরক বিবেক অগ্নিহোত্রী

শুক্রবারই মুক্তি পাচ্ছে বহু বিতর্কিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’। গত বেশ কিছুদিন ধরেই বার বার চর্চার কেন্দ্রবিন্দু হয়েছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবিটি। এমনকী ছবির ট্রেলার লঞ্চের পর সেই বিতর্ক যেন আরও বেড়েছে। বাংলা থেকে ছবিতে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, সৌরভ দাশ ও মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতারা। এমনকী এই ছবির অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় এও দাবি করেছিলেন যে, পুরো চিত্রনাট্য নাকি তাঁকে দেওয়া হয়নি। পাশাপাশি তাঁর আরও অভিযোগ ছিল, ছবি নাম নাকি তাঁকে প্রথমে বলা হয়েছিল ‘দ্য দিল্লি ফাইলস’। পরে ট্রেলার লঞ্চের সময়ই তিনি জানতে পারেন, এই দিল্লি ফাইলস নয়, ‘দ্য বেঙ্গল ফাইলস’। এবার নিজের ছবি মুক্তির আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। মুম্বইতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিবেক দাবি করেছেন যে, তিনি বাংলার হল মালিকদের কাছ থেকে ফিডব্যাক পাচ্ছেন যে, তাদের ছবি যাতে দেখানো না হয় তার জন্য নাকি হুমকি দেওয়া হচ্ছে তাদের। তিনি বলেন, “অনেক হল মালিক এবং বড় বড় মাল্টিপ্লেক্সের কর্মকর্তারা বলছেন, পুলিশ তাদের হুমকি দিয়েছে। যদি তাদের হলে ছবিটি মুক্তি পায় তাহলে তাদের পরিণতি ভয়ঙ্কর হবে।” পাশাপাশি এই ঘটনার পিছনে রাজ্য সরকারের প্রচ্ছন্ন মদত আছে বলেই এদিন স্পষ্ট জানিয়েছেন বিবেক। তাঁর মতে, “পশ্চিমবঙ্গ সরকার যা করছে তা অবৈধ এবং অসংবিধানিক। আমরা একটি রিট পিটিশন দায়ের করার পরিকল্পনা করছি, কিন্তু কাল কী হয় তার উপর নির্ভর করে আমরা সিদ্ধান্ত নেব এবং সেই অনুযায়ী আইনি পদক্ষেপ নেব।” এই ছবির সহ-প্রযোজক পল্লবী যোশী, যিনি সম্পর্কে চলচ্চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রীর স্ত্রী। তিনি ‘দ্য বেঙ্গল ফাইলস’-এ অভিনয়ও করেছেন। তিনি জানিয়েছেন, “আমি ইতিমধ্যেই এই ছবির ব্যাপারে ভারতের সম্মানীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে কথা বলেছি।” এমনকী এই ছবির বিষয়ে তাঁর হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন বলেই দাবি করেছেন পল্লবী যোশী। এর আগেও দ্য তাশখন্দ ফাইলস’ এবং ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি তৈরি করে নানা বিতর্কের জন্ম দিয়েছেন চলচ্চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ‘দ্য বেঙ্গল ফাইলস’ এই সিরিজে তাঁর তৃতীয় সংযোজন। এমনকী বাংলার লক্ষ লক্ষ সাধারণ দর্শকদের কথা মাথায় রেখে এই ছবিটি বাংলায় ডাব করা হয়েছে, যাতে করে গ্রামবাংলার সাধারণ মানুষদের বুঝতে কোনও অসুবিধা না হয়। আজই কলকাতায় মুক্তি পাচ্ছে ‘দ্য বেঙ্গল ফাইলস’। এখন দেখার বহু বিতর্কিত কাহিনী ‘দ্য ক্যালকাটা কিলিং’-এর প্রেক্ষাপটে বানানো এই ছবি দেখে সাধারণ মানুষ কী প্রতিক্রিয়া দেন।
বাংলা সিনেমা-সিরিয়ালে হিন্দি গানের ব্যবহার কমাতে নির্দেশ মমতার

এবার থেকে বাংলা সিনেমা-সিরিয়ালে হিন্দি গানের ব্যবহার বন্ধ করতে অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইদানিং বাংলা ধারাবাহিকে হিন্দি গানের ব্যবহার বাড়ছে। এমনকী বৃহস্পতিবার ‘মহানায়ক’ সম্মানের অনুষ্ঠানে তা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যখন বাঙালিদের উপর লাগাতার আক্রমণ চলছে, বাদ যাচ্ছে না মাতুয়া-রাজবংশীরাও। এমন পরিস্থিতিতে নিজের মাতৃভাষাকে আঁকড়ে রাখার মন্ত্র দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “অন্য ভাষাকে অবশ্যই সম্মান করুন। কিন্তু বাংলাকে প্রাণে ধরে রাখুন।” মহানায়ক সম্মানের মঞ্চে মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে এল বাংলা ভাষা এবং বাংলা সিনেমার প্রতি তাঁর ভালোবাসার কথা। শহীদ স্মরণের মঞ্চ থেকেই ডাক দিয়েছিলেন ‘ভাষা আন্দোলনের’। আর বৃহস্পতিবার ধনধান্য স্টেডিয়ামে ‘মহানায়ক’ সম্মানের অনুষ্ঠানেও বাঙালি অস্মিতায় শান দিলেন মুখ্যমন্ত্রী। সিনেমা সিরিয়ালে বাংলা গানের ব্যবহার কমে যাওয়ার বিষয়টিকে তুলে ধরলেন। শিল্পী-কলাকুশলীদের হাতে মহানায়কের নামাঙ্কিত পুরস্কার তুলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, “বাংলা ভাষায় যাঁরা কথা বলছেন, তাঁদের উপর অত্যাচার চলছে বিভিন্ন রাজ্যে। সারা পৃথিবীতে পঞ্চম স্থানে রয়েছে আমাদের বাংলা ভাষা। এই ভাষাতেই প্রায় ৩০ কোটি মানুষ কথা বলেন। আর আজকে যাঁরা বাংলা ভাষায় কথা বলছেন, তাঁদের জেলে ঢোকানো হচ্ছে, এটা মেনে নেব না। বাংলা আমাদের মাতৃভূমি, কর্মভূমি, পিতৃভূমি, স্বপ্নভূমি, নবজাগরণের ভূমি। তাই আমাদের জেগে উঠতে হবে। বাংলা সিনেমাকে অবহেলা করবেন না। আর আমি নির্মাতাদেরও বলব, বাংলা সিরিয়ালেও যেন হিন্দি ভাষায় গানের ব্যবহার কমানো হয়।” মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, “বাংলা গানের চল সিনেমা-সিরিয়ালে অনেক কম। বাংলা গানের একটা মাধুর্য রয়েছে। পুলক বন্দ্যোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, সলিল চৌধুরী, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে-সহ আরও অনেকে বাংলা ভাষায় কত ভালো ভালো গান গেয়েছেন।” বাংলা ভাষার গানের উপরই নির্মাতাদের জোর দিতে বললেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ধারাবাহিকের প্লটে সামাজিক বার্তা দেওয়ার কথাও বলেন তিনি। পরিচালক-প্রযোজকদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, “খারাপ কিছু শেখাবেন না। সিরিয়ালে সারাক্ষণ বিষ দেওয়া, ঝগড়া, গুন্ডামি এসব দেখানো হচ্ছে। বাচ্চারা ভুল শিখছে। অনেকে আত্মহননের পথও বেছে নিচ্ছে। সিরিয়াল টানতে গেলে রোজ গণ্ডগোল দেখানোর দরকার নেই। অনেক ভালো জিনিস রয়েছে, সেগুলি দেখান।”