আবারও মেট্রো বিভ্রাট, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

মেট্রো বিপর্যয়ে নাকাল শহরবাসী। একের পর এক বিভ্রাটের ঘটনায় মেট্রো পরিষেবা নিয়ে উঠেছে প্রশ্ন। সোমবারের কর্মব্যস্ত সকালেও নোয়াপাড়া মেট্রো স্টেশনে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটের জেরে দীর্ঘ ৪০ মিনিট বন্ধ ছিল শহিদ ক্ষুদিরামগামী মেট্রো। শেষপর্যন্ত দমদম স্টেশন থেকে সকাল ৭টা ৩০ মিনিটে প্রথম মেট্রো ছেড়ে শহিদ ক্ষুদিরাম স্টেশনের দিকে রওনা দেয়। যেখানে দক্ষিণেশ্বর থেকে প্রতিদিন প্রথম মেট্রো ছাড়ে সকাল ৬টা ৫৫ মিনিটে। এর ফলে স্বাভাবিক ভাবেই চরম ভোগান্তির শিকার স্কুল-কলেজের পড়ুয়া থেকে অফিস যাত্রীরা। সপ্তাহের প্রথম দিনেই ধরনের ঘটনা ঘটায় ক্ষোভ উগরে দিয়েছেন সাধারণ নিত্যযাত্রীরা। তাদের অনেকের অভিযোগ, প্রযুক্তিগত সমস্যার খবর আগাম না জানিয়ে কর্তৃপক্ষ যাত্রীদের অসুবিধা আরও বাড়িয়েছে। কলকাতা মেট্রোর জনসংযোগ আধিকারিক রূপায়ণ মিত্র বলেছেন, “থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়েনি। প্রথম মেট্রো দমদম স্টেশন থেকে ছাড়ে ৭টা ৩০ মিনিটে। পরে পরিষেবা স্বাভাবিক হয়ে গিয়েছে।” কিন্তু তারপরেও মেট্রো পরিষেবা যে দিন দিন আরও খারাপ হচ্ছে, সেই অভিযোগ তুলে মেট্রো কর্তৃপক্ষকেই দুষছেন সাধারণ নিত্যযাত্রীরা।