বিমানবন্দরের কাচ ভেঙে পালানোর চেষ্টা, ধৃত এক বাংলাদেশি নাগরিক

সাত সকালে বিপত্তি। এ যেন পুরো হিন্দি সিনেমা— বিমানবন্দরের কাচ ভেঙে পালানোর চেষ্টা। গ্রেফতার এক বাংলাদেশি যুবক। ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশের হাতে তুলে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ধৃত যুবককে জেরা শুরু করেছে পুলিশ। প্রশ্ন উঠছে কেন পালানোর চেষ্টা করলেন তিনি? কিছু পাচারের চেষ্টায় ছিলেন? পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম মহম্মদ আশরাফুল( ২৫)। বর্তমানে তিনি সিঙ্গাপুরে কর্মরত, ইন্ডিগোর বিমানে সিঙ্গাপুর থেকে কলকাতায় আসেন আশরাফুল। কলকাতা হয়ে ঢাকা যাওয়ার কথা ছিল তাঁর। দমদম বিমানবন্দরের ইন্টারন্যাশনাল লাউঞ্জে বসে থাকার সময় হঠাৎ লাউঞ্জের কাচ ভেঙে বিমানবন্দরের বাইরে যাওয়ার চেষ্টা করেন আশরাফুল। ঘটনায় আতঙ্ক ছড়ায় বিমানবন্দরে। সঙ্গে সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা যুবককে আটক করেন। জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা। সূত্রের খবর, সেই সময় অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন যুবক। তাঁকে বিধাননগর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।