‘মমতাকে এবার ভবানীপুরে হারাব’— শুভেন্দু অধিকারী

ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ দিলেন শুভেন্দু অধিকারী। তবে এবার আর নন্দীগ্রাম নয়, লক্ষ্য— ভবানীপুর। এবার কি তবে হাইভোল্টেজ লড়াই হতে চলেছে ভবানীপুরে? মঙ্গলবার বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে নন্দীগ্রামের পর খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুরেই তাঁকে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতার স্পষ্ট বক্তব্য, “মমতাকে আমি নন্দীগ্রামে হারিয়েছি, এবার ২০২৬ এ ভবানীপুর হারাব।” প্রসঙ্গত ২০২১ সালে নির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ১৯৫৬ ভোটে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নির্বাচনে শুভেন্দু অধিকারী ১,১০,৭৬৪ টি ভোট পান, আর মমতা বন্দ্যোপাধ্যায় পান ১ লক্ষ ৮ হাজার ৮০৮টি ভোট, শতাংশ হিসেবে শুভেন্দু অধিকারী পান ৪৮. ৪৯ শতাংশ, মমতা বন্দ্যোপাধ্যায় পান ৪৭. ৬৪ শতাংশ ভোট। অপরদিকে ওই নির্বাচনে পরাজিত হয়ে ভবানীপুর থেকে তৃণমূল প্রার্থী হন মমতা বন্দ্যোপাধ্যায়, ভোট পান ৮৫,২৬৩ টি ভোট। অপরদিকে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল পান ২৬,৪২৮টি ভোট। এদিন শুভেন্দু বার্তা দেন, “আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। তৃণমূলের মালিককে হারিয়েছি মনে রাখবেন। শুভেন্দু অধিকারীকে ভয় দেখানো যাবে না। যখন সিপিএমের সময় , সিপিএম যখন ২৩৫ তখন লক্ষ্মণ শেঠকে হারিয়েছি।”