শুক্রবার রাত দেড়টা নাগাদ দমদম বিমানবন্দরে পা রাখছেন লিওনেল মেসি। পরের দিন, মানে শনিবার সকালে যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি ম্যাচ। সকাল সাড়ে দশটায় কিক অফ। মেসি বলে পা দেবেন না। তবে তাঁর উপস্থিতিতে খেলবে মোহনবাগান অলস্টার এবং ডায়মন্ড হারবার এফসি অলস্টার।
উল্লেখযোগ্য বিষয়, প্রায় ১৩ বছর পর আবার সবুজ-মেরুণ জার্সি পরে সেদিন যুবভারতীতে নামবেন ব্যারেটো। পেশাদার ফুটবলার হিসেবে অবসর নেওয়ার আগে মোহনবাগানের জার্সিতে ব্রাজিলিয়ান স্ট্রাইকার শেষ খেলেছিলেন ২০১২-তে।
১৪ জনকে নিয়ে গড়া মোহনবাগান অলস্টার দলে ব্যারেটো ছাড়াও থাকবেন সংগ্রাম মুখার্জি, শিল্টন পাল, দুলাল বিশ্বাস, কিংশুক দেবনাথ, রহিম নবি, লালকমল ভৌমিক, হাবিবুর রহমান, অসীম বিশ্বাস, দীপেন্দু বিশ্বাস, ডেনসন দেবদাস, বসুদেব মণ্ডল, দীপক মণ্ডল, গৌতম ঘোষ এবং অমিত দাস। দলের কোচ মানস ভট্টাচার্য। ১৫ মিনিট করে দুটো অর্ধ হবে। ৫ মিনিটের বিরতি।
উল্টোদিকে ডায়মন্ড হারবার এফসি। মাত্র সাড়ে তিন বছর বয়স তাদের। ক্লাবের এক শীর্ষকর্তা জানালেন, তারাও তাদের রিজার্ভ দলের ফুটবলারদের নিয়েই মূলত একাদশ নামাবেন শনিবার।
প্রীতি ম্যাচের বল গড়ানোর আগে ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির হাতে মোহনবাগানের তরফ থেকে তুলে দেওয়া হবে ঐতিহাসিক শিল্ড জয়ের বিশেষ জার্সি। প্রাক্তন ফুটবলাররা উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। বিশ্ববন্দিত আর্জেন্টাইনের হাতে এই উপহার তুলে দেবেন মোহনবাগানের সচিব সৃঞ্জয় বোস এবং সভাপতি দেবাশিস দত্ত। ঐতিহাসিক ১৯১১-র সবুজ মেরুন জার্সির আদলে তৈরি হচ্ছে বিশেষ জার্সি। সেই উপহারই তুলে দেওয়া হবে মেসির হাতে।







